আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রীচাপ কমাতে এ বছর বিকল্প ঘাট থেকেও লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাজধানীর বছিলা ব্রিজসংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন সেতু সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালু থাকবে। এ সময় বছিলা ঘাট থেকে ৬টি এবং শিমুলিয়া ঘাট থেকে ৩টি লঞ্চ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
বছিলা লঞ্চঘাট থেকে সকাল, দুপুর ও বিকালে সদরঘাট হয়ে শরীয়তপুর, চাঁদপুর, হাকিমুদ্দিন, ইলিশা ও গলাচিপা রুটে লঞ্চ চলাচল করবে। অন্যদিকে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশাল রুটে নির্ধারিত সময়ে লঞ্চ চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদরঘাট এলাকায় অতিরিক্ত যাত্রীসেবা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বহনে টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি ও পোর্টার সেবা দেওয়া হবে।
এ ছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সদরঘাট ও বরিশাল নদীবন্দরে হুইলচেয়ার সেবাও চালু থাকবে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।