শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’–এর সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ ইরাব সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
এই পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবার মাঠপর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করব। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ।
মন্ত্রণালয়কে নিজের ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে মিলন বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে আমি এমন ভিত্তি তৈরি করতে চাই, যা ১৮০ বছরের সমতুল্য প্রভাব ফেলবে।