কৃষকদের জন্য প্রস্তাবিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষকদের জন্য আধুনিক ও কার্যকর সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড চালুর বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে কৃষকদের নিবন্ধন, কৃষি সহায়তা প্রদান এবং বিভিন্ন সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, আগামী পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার আশা করছে, এ কর্মসূচি চালু হলে কৃষকদের তথ্যভান্ডার তৈরি হবে এবং কৃষি সহায়তা, ভর্তুকি ও অন্যান্য সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।