সৌদি আরবের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানবাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, হামলাটি হয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেজ এলাকায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় সেখানে অবস্থানরত মার্কিন বিমানবাহিনীর কয়েকটি রিফুয়েলিং বিমান আঘাতের মুখে পড়ে।
ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর মধ্যে রয়েছে বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার ধরনের জ্বালানি সরবরাহকারী বিমান। তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো।
বর্তমানে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর মেরামতের কাজ চলছে। হামলার ঘটনায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, অঞ্চলে সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে।