Skip to main content

Ridge Bangla

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর এবার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসকেরা নিজ নিজ জেলা পরিষদে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধি অনুযায়ী তারা নির্ধারিত ভাতা পাবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমেও গতি আসবে।

সাধারণত জেলা পরিষদগুলো নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হয়। তবে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল ও উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ. কে. এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ এবং বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন।

এ ছাড়া খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন