দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উদয়পুর ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ (৪০) উদয়পুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উদয়পুর বাজারে ‘মেসার্স শেখ ট্রেডার্স’ নামে একটি স্যানিটারি ও হার্ডওয়্যার সামগ্রী বিক্রির দোকানের স্বত্বাধিকারী ছিলেন সোহাগ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতে দোকান বন্ধের পর মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন সোহাগ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার দিকে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এর আগে গত ৭ মার্চ সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নুর ইসলামকে উপজেলার কাহালপুর এলাকায় দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।