বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধিদল। সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনপ্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন।
সাক্ষাতে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, নিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন প্রতিনিধিদলপ্রধান। তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ, দায়িত্ব পালনকালে বডিওর্ন ক্যামেরার ব্যবহার এবং নিরাপত্তা দায়িত্বসংক্রান্ত ‘পকেট বুক’ কার্যকর ভূমিকা রেখেছে।
এ সময় ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পক্ষ থেকে আইজিপির কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করা হয়। জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি প্রতিনিধিদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। বিভিন্ন দেশ, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল।