Ridge Bangla

দুদক মহাপরিচালকের ফোন ছিনতাই, দুইজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালককে অস্ত্রের মুখে মারধর করে ছিনতাই করা দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহজাদা এবং রুবেল। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স ফোন দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেন শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর এলাকা হয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে মারধর শুরু করে।

মারধরের একপর্যায়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি আইফোন, নগদ ১৫ হাজার টাকা এবং একটি দামী হাতঘড়ি নিয়ে যায়। এ সময় ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় তাকে মারধর করা হয় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এতে তিনি ঘাড় ও চোখে গুরুতর আঘাত পান।

আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি ছিনতাই হওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন