মধ্যপ্রাচ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জেরে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১-এ। সর্বশেষ সোমবার (৯ মার্চ) মধ্যপ্রাচ্যগামী আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে একই দিনে ৩৩টি ফ্লাইট বাতিলের তথ্য জানানো হয়েছিল। তখন পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা ছিল ৩৩৫টি। পরবর্তীতে নতুন করে ২৬টি ফ্লাইট বাতিল হওয়ায় মোট সংখ্যা ৩৬১-এ পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ভূত পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যগামী নিয়মিত যাত্রী ও প্রবাসীদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে বলে জানা গেছে।