Ridge Bangla

বিদেশি মদ উদ্ধারের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে চার বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। সোমবার (৯ মার্চ) ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে রায় ঘোষণা করেন। আদালত জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ।

এর আগে গত ৩ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করা হয়েছিল। শুনানির সময় আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তিনি গণমাধ্যমকে জানান, তিনি ন্যায়বিচার পেয়েছেন।

২০১৮ সালের ৬ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তেজগাঁও থানার পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট অফিস থেকে কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার অফিস কক্ষ থেকে চার বোতল অবৈধ টাকিলা মদ উদ্ধার করা হয়, যা পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডির সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর সিআইডির উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং মামলার বিচার চলাকালে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

This post was viewed: 4

আরো পড়ুন