ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব তমাল রায়চৌধুরী সোমবার ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং তার শরীরে পেসমেকার বসানো ছিল। সকালে দেরি হওয়ায় পরিচারিকা ডাকতে গিয়ে কোনো সাড়া না পেলে চিকিৎসক ডেকে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানান।
বিকেল ৪টায় তার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হবে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
মঞ্চ ও চলচ্চিত্র- দুই ক্ষেত্রেই তার ছিল দাপুটে উপস্থিতি। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ ও ‘অ্যামাজন অভিযান’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। তার শেষ অভিনীত চলচ্চিত্র ছিল তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’।