Ridge Bangla

‘শ্রেষ্ঠ অদম্য নারী’র মরণোত্তর পুরস্কারে ভূষিত খালেদা জিয়া

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক চির দীপ্তিমান নক্ষত্র। আপোষহীন দেশনেত্রীকে এই সম্মানসূচক উপাধিতে ভূষিত করায় সংগঠনটি গভীর আনন্দ প্রকাশ করেছে।

আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে “সমতার জন্য শিল্প” শীর্ষক একটি শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর কিউরেটর ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং কো-কিউরেটর ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।

“সমতার জন্য শিল্প” প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় ২০২৫ সালের ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত “আর্ট ফর ইক্যুয়ালিটি” শীর্ষক শিল্পকলা কর্মশালায় অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শিত হয়। এসব শিল্পকর্মে সমাজের পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী, নারীর প্রতি বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সমতা প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দসহ ডা. জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমানকে প্রদর্শনী ঘুরিয়ে দেখান অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।

এ সময় বাংলাদেশের উন্নয়নে চারু ও কারুশিল্পীদের শিল্পদর্শন ও নান্দনিক বোধের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিল্পীদের জীবন বাস্তবতা ও সামাজিক অবস্থার কথাও আলোচনায় আসে। বক্তারা বলেন, বাংলাদেশের সৃজনশীল পেশাজীবীদের বড় একটি অংশ নারী, এবং দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে এই শিল্পী জনগোষ্ঠীর গুরুত্ব অপরিসীম।

This post was viewed: 16

আরো পড়ুন