Skip to main content

Ridge Bangla

পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মাইক হেসনকে চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মৌসুম শেষে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

বর্তমানে হেসন পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বে থেকেই তিনি গত মৌসুমে ইসলামাবাদ ইউনাইটেডকে তাদের তৃতীয় শিরোপা এনে দিয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে ইউনাইটেডের কোচ হিসেবে যোগ দেন তিনি এবং পিএসএল অভিষেকেই সাফল্য পান।

পিসিবি কিছুদিন আগে প্রধান কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল, যেখানে আবেদনকারীদের কাছে চাওয়া হয়েছিল লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট এবং ঘরোয়া বা আন্তর্জাতিক পর্যায়ে অন্তত ১০ বছরের কোচিং অভিজ্ঞতা।

মাইক হেসন ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ ছিলেন। তার অধীনে নিউজিল্যান্ড উল্লেখযোগ্য সাফল্য পায়। এর আগে তিনি আর্জেন্টিনা ও কেনিয়া জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পির কোচিং মেয়াদ শেষে আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যার চুক্তি শেষ হয় চলতি বছরের মার্চে। তবে পরবর্তীতে নিউজিল্যান্ড সফর পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, আকিব চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ দেখাননি।

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে আরও ছিলেন সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক। তবে পিসিবি চেয়েছে একজন বিদেশি অভিজ্ঞ কোচ নিয়োগ দিতে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, পিসিবি হেসনকেই প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করেছে।

This post was viewed: 86

আরো পড়ুন