Ridge Bangla

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত ভারতের

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই ক্রিকেটবিশ্বে উত্তেজনার কেন্দ্রবিন্দু হলেও, দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়া যেন তাদের জন্য অতীতের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৫ বছর পরও কোনো পূর্ণাঙ্গ সিরিজ না খেলা দুই দেশ এবার আরও দীর্ঘ সময় ধরে আলাদা থাকছে।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাফ জানিয়ে দিয়েছে—নিকট ভবিষ্যতেও পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না। কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, “আমরা এই হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমাদের সরকার দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলতে নিষেধ করেছে, আমরা সেই অবস্থানেই থাকবো।”

তিনি আরও বলেন, “আমরা কেবল আইসিসির টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে খেলি, কারণ এটি আন্তর্জাতিক কাঠামোর অন্তর্ভুক্ত।”

দুই দেশের মধ্যে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে, যেখানে সীমিত ওভারে ম্যাচ খেলেছিল পাকিস্তান ভারতের মাটিতে। এরপর শুধুমাত্র আইসিসি বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টেই দেখা হয় দুই দলের।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতের মাটিতে খেললেও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত হাইব্রিড মডেল গ্রহণ করে। পাকিস্তানে না গিয়ে তারা সংযুক্ত আরব আমিরাতে খেলেছে এবং সেই আসরেই চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে একটি পর্যটন কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ২০ জন নিহত হন, আহত হন আরও অনেকে। হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী, যারা অঞ্চলটিতে বহিরাগতদের বসতির বিরোধিতা করছে বলে দাবি করেছে। এই হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের উত্তাপ আরও তীব্র হয়ে উঠেছে।

This post was viewed: 50

আরো পড়ুন