Ridge Bangla

অপহৃত তিন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনল বিজিবি

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি নাগরিককে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজন এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী নদীতে মাছ ধরার সময় আরও দুজনকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরে স্বজনদের মাধ্যমে বিষয়টি জানার পর বিজিবি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে।

ফিরে আসা ব্যক্তি তিনজন হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মো. বাপ্পি (২৮), একই এলাকার ওসমান গনি রাব্বি (১৮) এবং অন্যজন টাঙ্গাইলের দেলদুয়ারের বাসিন্দা মো. জনি মিয়া (২২)।

কক্সবাজার (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সমন্বয় ও যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সীমান্তে হস্তান্তরের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তিনজনকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। ফিরে আসা ব্যক্তিদের স্বজনরা জানান, অপহৃত হওয়ার পর থেকেই উদ্বেগের মধ্যে ছিলেন তারা। এ সময় বিজিবির উদ্যোগে স্বজনরা নিরাপদে ফিরে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

This post was viewed: 12

আরো পড়ুন