মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের এয়ারফিল্ড বন্ধ থাকায় মোট ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইনস ও সালাম এয়ারের বিভিন্ন অ্যারাইভাল ও ডিপার্চার ফ্লাইট।
তবে সব ফ্লাইট বন্ধ ছিল না। মাস্কাট ও মদিনা থেকে কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং মাস্কাটগামী একটি ফ্লাইট ছেড়ে গেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যা বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলেছে।