শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সিদ্ধান্তটি বাস্তবায়নে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে ভাড়া ছাড় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।
তিনি আরও জানান, আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে যাত্রীসেবায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের সময় বাস ভাড়া বৃদ্ধির কোনো আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও শৃঙ্খলাপূর্ণ থাকে।