Ridge Bangla

ফরিদপুরে বাটুল রাজুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ফরিদপুর শহরের স্টেশন বাজার এলাকায় রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এলাকায় মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা হৃদয় শেখ কয়েকজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ রাজুর ওপর আক্রমণ চালায়। হামলায় তার দুই পা ও ডান হাতে গুরুতর আঘাত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত হয়ে অচেতন অবস্থায় মিনিট দশেক পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত রাজু ফরিদপুর শহরের দুই নম্বর কুটিবাড়ী মহল্লার স্টেশন বাজার মুসলিম কলোনির বাসিন্দা বাবলু কসাইয়ের ছেলে বলে জানা গেছে। তার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

নিহত রাজুর মায়ের ভাষ্যমতে, সম্প্রতি শহরের লাশ কাটা বস্তি এলাকায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানের সময় মাদক ব্যবসায়ী শিল্পী বেগম আটক হওয়ার ঘটনার পর থেকেই বিরোধ তীব্র হয়। ওই ঘটনার সঙ্গে রাজুকে জড়িত সন্দেহ করে প্রতিপক্ষ এ হামলা চালায় বলে তার মা অভিযোগ করেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে পুলিশের আরও কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর দায়ীদের গ্রেপ্তারে আরও কঠোর অভিযান চালানো হবে। এর পাশাপাশি শহরের মাদক কেনাবেচার পয়েন্টখ্যাত রেল স্টেশন কলোনি ও আশপাশের কয়েকটি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও জানানো হয়।

This post was viewed: 13

আরো পড়ুন