Ridge Bangla

ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর তিনি দিল্লি হয়ে ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই সফর রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটনের অগ্রাধিকার দিতে পারে। সফরের উদ্দেশ্য মূলত দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা।

সফরসূচি অনুযায়ী, পল কাপুর বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ও অনুষ্ঠিত হবে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। দিনশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করবেন পল কাপুর। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বয় বাড়ানোর আশা প্রকাশ করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন