চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবাসীর পুরুষশূন্য বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। একই বাড়ি থেকে তার পুত্রবধূকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। আহত হালিমা আক্তার নুরুল ইসলামের স্ত্রী। ঘটনাস্থল মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রাম।
প্রতিবেশী সাহেরা বেগম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিদ্যুৎ বিলের কাগজ নিতে ওই বাড়িতে যান। বাইরে শিশুদের কাছে পরিবারের সদস্যদের খোঁজ করলে তারা জানায়, দাদি ও মা মারা গেছেন। ঘরে ঢুকে তিনি পারুল বেগমকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন এবং অন্য কক্ষে হালিমা আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
আহত হালিমা আক্তার জানান, এশার নামাজের পর মুখ বাঁধা ৩-৪ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে জিম্মি করে মালামাল লুট করে এবং শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে।