Skip to main content

Ridge Bangla

মাদারীপুরে অগ্নিকাণ্ডে তরুণ উদ্যোক্তার ফার্ম পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

মাদারীপুরের কালকিনি উপজেলায় অগ্নিকাণ্ডে এক তরুণ উদ্যোক্তার মুরগির ফার্ম পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চৌকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফার্মের পাশের জমির ছোন পরিষ্কার করতে জমির মালিক শফিকুল ইসলাম আগুন দেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের জমির ফসল এবং শরিফুল ইসলামের ফার্মে। এতে ফার্মে থাকা প্রায় দুই হাজার বয়লার মুরগি, মুরগির খাদ্য, নগদ ৩০ হাজার টাকা এবং ফার্মের অবকাঠামো পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা শরিফুল ইসলাম বলেন, কিস্তির টাকায় তিনি ফার্মটি চালু করেছিলেন। হঠাৎ আগুনে সব পুড়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তার দাবি, প্রতিবেশীর অসাবধানতার কারণেই এ ক্ষতি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলামের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালকিনি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, পাশের ছোনক্ষেত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 44

আরো পড়ুন