রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়াম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা পোশাকও উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা তারিকুজ্জামান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতের ঘটনায় জড়িত সন্দেহে কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে স্কুলছাত্রী বিন্তির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফা তারিকুজ্জামান আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।