‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এবারের মেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে থাকছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।
মেলার বিন্যাস গতবারের মতো থাকলেও মেট্রোরেলের কারণে বাহিরপথ কিছুটা পরিবর্তন করে মন্দির গেটের কাছে নেওয়া হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এলাকায় থাকবে চারটি প্রবেশ ও বাহিরপথ। খাবারের স্টলগুলো সুবিন্যস্তভাবে রাখা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায়। রমজান উপলক্ষে তারাবি নামাজের ব্যবস্থাও থাকবে।
২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিন সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুপ্রহর আয়োজন করা হবে।