বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও আর্থিক সংক্রান্ত একটি মামলার কারণে আলোচনায় এসেছেন। চেক বাউন্সের অভিযোগে দায়ের করা মামলার নির্ধারিত শুনানিতে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফলে বিষয়টি নতুন করে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
২০১৭ সালে মোরাদাবাদের এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইভেন্ট ম্যানেজার পবন ভার্মার কাছ থেকে ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নেন অভিনেত্রী আমিশা। তবে অভিযোগ অনুযায়ী, তিনি অনুষ্ঠানে উপস্থিত না হয়ে অতিরিক্ত অর্থ দাবি করে স্থান ত্যাগ করেন। পরে ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে। এ ঘটনাকে কেন্দ্র করেই প্রায় এক দশক আগে মামলার সূত্রপাত হয়।
পবন ভার্মা অভিযোগ করেন, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ বিষয়ে আদালত একাধিকবার সমন জারি করলেও তিনি নির্ধারিত তারিখে হাজির হননি। ফলে সম্প্রতি তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
‘গাদার ২’-খ্যাত এই অভিনেত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনাটি অনেক পুরনো এবং সব আর্থিক লেনদেন প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পাশাপাশি, পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি তার আইনজীবীরা দেখছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমিশা জানিয়েছেন।