Skip to main content

Ridge Bangla

সাতক্ষীরায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

পবিত্র রমজান উপলক্ষে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে শহরের সুলতানপুর বড়বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চালানো হয়।

সুলতানপুর বড়বাজারে অভিযানকালে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর সাতক্ষীরা সদরের বাঁকালে সংগ্রাম কোল্ড স্টোরেজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দোকানগুলোতে দ্রব্যসামগ্রীর মূল্য যাচাই করার সময় দেখা যায়, একজন দোকানদার যথাযথভাবে ভাউচার সংরক্ষণ করেননি এবং কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। এ অপরাধে ওই দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, জনস্বার্থে রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।

This post was viewed: 41

আরো পড়ুন