Ridge Bangla

১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকারের সম্ভাবনা উজ্জ্বল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার ১৬২ নম্বর কেন্দ্রে, একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, “বিগত ১৬ বছরে সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ আমাদের সুযোগ এসেছে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। গণভোটের মাধ্যমে দেশকে সংস্কারের পথে এগিয়ে নিন।”

তিনি নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে বলেন, “ভোট যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, জনগণ নির্বিঘ্নে তাদের অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমরা ১১ দলীয় জোট সরকারের গঠনের দ্বারপ্রান্তে আছি।” নাহিদ ইসলাম আরও বলেন, “নির্বাচন যদি স্বচ্ছ ও সুষ্ঠু হয়, জনগণ আমাদের জন্য যা সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নেব। তবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে।”

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি আহ্বান জানান, যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে। নাহিদ ইসলাম ভোটকেন্দ্রে উপস্থিত নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ হিসেবে অভিহিত করে বলেন, জনগণ যখন কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তখন সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হবে।

This post was viewed: 4

আরো পড়ুন