ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন-সংক্রান্ত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অনুভূতি প্রকাশ করেন।
ভোটগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব সম্মিলিতভাবে গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকারকে প্রমাণ করেছে। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী ও ভোটগ্রহণে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এ বিশাল আয়োজন সফল হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক দল ও প্রার্থীদের উদ্দেশে অধ্যাপক ইউনূস আহ্বান জানান, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এ নির্বাচন নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রার সূচনা করেছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার এ অভিযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।