ভোলার আলীনগর ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। হঠাৎ একদল ব্যক্তি স্কুলের গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। তাদের মধ্যে কয়েকজন মহিলা বুথে ঢুকে ব্যালট পেপার নিয়ে সিল মারতে শুরু করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
এসময় উল্টাপাল্টা সিল মারার কারণে ৭৬টি ব্যালট বাতিল করতে হয়েছে। এছাড়াও ৫৬টি ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে বলে জানান তিনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টার দিকে পুনরায় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, সকাল থেকে অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। তবে আলীনগর কেন্দ্রটিতে হঠাৎ আক্রমণ করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কিছু ব্যালট ছিনতাই করেছে। এছাড়াও সিল দেওয়া ব্যালটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।