Skip to main content

Ridge Bangla

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সীমান্তবর্তী পোল্ট্রিমোড় চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবির বাগোয়ান কেসিভিএন উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় শুটার গানসহ ১৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ধারালো অস্ত্রের মধ্যে বড়-ছোট রামদা, হাসুয়া, চাপাতি ও ছুরি রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরাঞ্চলভিত্তিক একটি সন্ত্রাসী চক্র নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে এসব অস্ত্র বহন করছিল। অভিযানে ড্রোন ক্যামেরার এআই প্রযুক্তি ব্যবহার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বাহিনীটি জানিয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে তারা।

উল্লেখ্য, তপশিল ঘোষণার পর থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৩ জনকে আটকসহ একাধিক বিদেশি পিস্তল, শুটার গান, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবির বিভিন্ন অভিযানে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, মর্টার সেল ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর তারা।

This post was viewed: 47

আরো পড়ুন