Ridge Bangla

আমার লজ্জা নেই: বিদ্যা বালান

চলচ্চিত্র তারকাদের প্রতি নেটিজেনদের অতিরিক্ত নজর যেন এক অদৃশ্য চাপ তৈরি করে। সেই চাপ থেকে একসময় বিদ্যা বালানও রেহাই পাননি। পারফেক্ট ‘লুক’ ধরে রাখার চাপে পড়ে জীবনের একটা সময় তিনি নিজেকে বদলে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু আজ অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “আমার লজ্জা নেই।”

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “ক্যারিয়ারের শুরুতে আমি এয়ারপোর্ট লুক নিয়ে এতটাই ভয়ে থাকতাম যে ঠাকুরকে ডাকতাম যেন কেউ ছবি না তোলে। তবু ক্যামেরা এড়ানো যেত না। সময়ের সঙ্গে আমি উপলব্ধি করেছ- নিজেকে বদলে নয়, নিজেকে গ্রহণ করাই মুক্তি।”

বলিউডে তথাকথিত ‘স্লিম লুক’ সংস্কৃতি ভেঙে দিয়েছেন বিদ্যা। তিনি বলেন, “আমি শাড়িতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। অন্য নায়িকাদের মতো হওয়ার জন্য শর্ট ড্রেস পরেছি, কিন্তু আয়নায় নিজেকে অদ্ভুত লাগত। তখন বুঝেছি, নিজেকে নিজের মতো করেই ভালোবাসা উচিত।”

রেড কার্পেটে বারবার শাড়িতে উপস্থিত হওয়াটাকে অনেকেই ‘স্টেটমেন্ট’ বললেও বিদ্যার জবাব একেবারে বাস্তবধর্মী: “আমার কাছে কোনও বিকল্প ছিল না। অন্য পোশাকে আমি ফিটই হতাম না। তখন দুটো পথ ছিল- সারা জীবন অন্যদের মতো হতে চাওয়ার চেষ্টা করা, কিংবা নিজের মতো থাকাই বেছে নেওয়া। আমি দ্বিতীয়টাকেই বেছে নিয়েছি।”

বিদ্যার মতে, “যেদিন আমি নিজেকে বদলানো বন্ধ করলাম, সেদিনই দর্শক আমাকে আরও বেশি গ্রহণ করলেন। আমি যা পরতে ভালোবাসি তাই পরি। আমি এখন মুক্ত, আমি স্বাধীন। মানুষ এখন জানে- আমার লজ্জা নেই।”

এই সাহসিকতা ও আত্মবিশ্বাস দিয়েই বিদ্যা বালান আজ ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী নারীকণ্ঠ হয়ে উঠেছেন।

This post was viewed: 43

আরো পড়ুন