দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনের জন্য অপেক্ষা করছিলেন।” তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
সারা দেশে গত রাতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা আশাব্যঞ্জক। ভোটার ও দলীয় নেতাকর্মীদের সারাদিন কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষ যদি তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”
নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ও তার দল বিজয়ের ব্যাপারে আশাবাদী। সরকার গঠনের সুযোগ পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।
নারীর ক্ষমতায়নের বিষয়েও গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের যথাযথ মূল্যায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর ক্ষমতায়নে কাজ শুরু হবে প্রথম দিন থেকেই।