ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন এলাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের কম্পন বাংলাদেশের সিলেটসহ আশপাশের এলাকায় টের পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
অন্যদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় অঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।
কম্পনের কেন্দ্রস্থল ছিল ভারতের গৌহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে আনুমানিক ২১ কিলোমিটার উত্তরে। এই ভূমিকম্পের কম্পন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ছাড়াও বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে অনুভূত হয়। হঠাৎ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।