কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে শুরু হওয়া অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থানসংলগ্ন একটি পুকুরে অভিযান চালানো হয়। উদ্ধার কার্যক্রমে শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে তল্লাশি চালানো হচ্ছে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, অভিযানের শুরুতেই কয়েকটি পিস্তল ও বন্দুক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাদা বস্তা ও স্কচ টেপে মোড়ানো অবস্থায়ও বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে। পুকুরে আরও অস্ত্র থাকতে পারে- এ আশঙ্কায় উদ্ধারকার্য এখনো চলমান।
ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই এই অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে র্যাব।