Skip to main content

Ridge Bangla

যশোরের শার্শা সীমান্ত থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ এবং ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে। তবে পাচারকারী ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে কায়বা বিওপির একটি টহল দল কায়বা গ্রামের দাদখালী এলাকায় অবস্থান নেয়।

এ সময় ইছামতি নদী পার হয়ে ভারত থেকে এক ব্যক্তিকে কায়বার দিকে আসতে দেখা যায়। টহল দল তাকে থামার সংকেত দিলে অজ্ঞাত ব্যক্তিটি তার সঙ্গে থাকা ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে ভারতে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া পরিত্যক্ত ব্যাগে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকজাতীয় এস্কাফ সিরাপ পাওয়া যায়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন নির্বাচনে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা প্রস্তুত রয়েছেন। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

This post was viewed: 48

আরো পড়ুন