আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘অত্যন্ত ইতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি জানিয়েছেন, তারা একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইজাবস বলেন, নির্বাচনের সামগ্রিক পরিবেশ অত্যন্ত আশাব্যঞ্জক। আলোচনাসঙ্গীদের অধিকাংশের মতামত অনুযায়ী, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বলেন, “আমরা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই।”
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইজাবস জানান, মিশন নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। যদিও কিছু এলাকা তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ, তবু সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করতে সব সম্প্রদায়, বিশেষ করে নারীদের ভোটদানে অংশগ্রহণ জরুরি।
ইইউ মিশনের প্রধান জানান, নির্বাচন শেষে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রতিবেদনে নির্বাচনী পরিবেশ, অংশগ্রহণ, নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবে ভোটের দুই মাস পর, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।