ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসছেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তারা নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরির কাজ করবেন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, ইসির আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে প্রায় ৩৩০ জন পর্যবেক্ষক এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করবেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রয়েছেন। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরান থেকেও প্রতিনিধিরা আসছেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২২৩ জন, এএনএফইলির ২৮ জন, কমনওয়েলথের ২৫ জন এবং আইআরআইয়ের ১২ জন পর্যবেক্ষক থাকছেন। এছাড়া অন্যান্য সংস্থা থেকেও প্রায় ৩০ জন পর্যবেক্ষক অংশ নেবেন। বিদেশি সাংবাদিকদের মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের ৪৮ জন, আল জাজিরার সাতজনসহ বিবিসি, এপি, রয়টার্স, এনএইচকে, এবিসি অস্ট্রেলিয়া ও ডয়চে ভেলের প্রতিনিধিরা থাকছেন।
ইসি জানিয়েছে, সবার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং স্বাধীনভাবে পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।