Skip to main content

Ridge Bangla

পদ্মাসেতুতে ভোটের জন্য ঘরমুখো মানুষের ঢল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। অধিকাংশ যাত্রী গ্রামের বাড়িতে গিয়ে ভোট দেওয়ার জন্য রওনা দিচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাসযাত্রীর চাপ তুলনামূলক কম থাকলেও কয়েকটি পয়েন্টে যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। টোলপ্লাজা এলাকায় সকাল থেকে গ্রামমুখী মানুষের ঢল নেমেছে। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলে করে যাত্রীরা বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এতে দীর্ঘ মোটরসাইকেলের সারি তৈরি হয়েছে।

তবে এক্সপ্রেসওয়ের নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর ছনবাড়ী এলাকায় বাস থামিয়ে যাত্রী না নেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। যাত্রীদের দাবি, ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজ থেকে যাত্রী তোলা হচ্ছে না এবং নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে।

নিমতলায় অপেক্ষমাণ চাকরিজীবী মামুন বলেন, “সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছি। কিছু বাস গেলেও আমাদের নেয়নি।”

কহিনুর নামে এক গৃহিণী বলেন, “বাচ্চা নিয়ে প্রায় এক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে আছি। যারা নিচ্ছে, তারা বাড়তি ভাড়া চাইছে। সাধারণ মানুষকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না।”

This post was viewed: 40

আরো পড়ুন