Ridge Bangla

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে ২০ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় বিএনপির নির্বাচনী সমাবেশের প্রস্তুতি চলাকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২০ জন নেতা-কর্মী ও সমর্থক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনা এলাকার মানুষদের মধ্যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রচারণার সমাপনী কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো হন। মিছিলটি বর্ণাঢ্য করার জন্য বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পাশের শ্রমিক ও নেতাকর্মীরা দগ্ধ হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিসা শারমিন জানান, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন অংশ, হাত, পা ও মুখ, ঝলসে গেছে। আহতদের অধিকাংশই ২০ বছরের নিচে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন