আসন্ন বোর্ড নির্বাচনের প্রস্তুতি হিসেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা পদত্যাগ করেছেন। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে এই পদত্যাগ নেওয়া হয়েছে। ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন রাফা ইউস্তে।
বার্সেলোনার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য বোর্ড অব ডিরেক্টরস নির্বাচনের তফসিলও প্রকাশ করা হয়।
লাপোর্তার সঙ্গে আরও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।
তবে এসব পদত্যাগের পরও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত পুনর্গঠিত বোর্ড দায়িত্ব পালন করবে।
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন রাফায়েল ইউস্তে। ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জোসেপ কুবেলস। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্য হিসেবে থাকছেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।