Ridge Bangla

ওয়াশিংটন পোস্টে ৩০০ জন সাংবাদিক ছাঁটাই

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মালিক হওয়ার পর এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় জনবল হ্রাস। ওয়াশিংটন পোস্টের প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে এক-তৃতীয়াংশ বা ৩০০ জনেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন।

স্থানীয় সময় গত বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানা যায়, কোম্পানি প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এতে বিশেষ করে আন্তর্জাতিক ডেস্ক, স্পোর্টস ডেস্ক ও ব্যবসায়িক বিভাগের সাংবাদিকরা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন।

মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকার শীর্ষস্থানীয় সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে অনেকেই চাকরি হারিয়েছেন। এর মধ্যে ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের ছেলে ঈশান থারুরও রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছাঁটাইয়ের খবর নিশ্চিত করে লিখেছেন, ‘দিনটা খুব খারাপ’। তিনি উল্লেখ করেছেন, অধিকাংশ আন্তর্জাতিক কর্মীর ছাঁটাই হয়েছে এবং এতে তিনি অত্যন্ত মর্মাহত।

ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাও এই গণছাঁটাইয়ের শিকার হয়েছেন। তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে গত চার বছর ধরে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক ম্যাট মারে এই পদক্ষেপকে ‘খুব কঠিন’ বলে অভিহিত করেন। তবে তিনি জানান, প্রযুক্তি পরিবর্তন ও পাঠকদের আগ্রহের সঙ্গে তাল মিলাতে এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত।

মালিকপক্ষের দাবি, মূলত আর্থিক লোকসান কমানোই এই সিদ্ধান্তের পেছনের কারণ।

This post was viewed: 18

আরো পড়ুন