সাতক্ষীরার শ্যামনগরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব অস্ত্র ও সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য সাড়ে পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন কৈখালী ইউনিয়নের গোলাখালী নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে নদীপথে অবৈধ অস্ত্রের একটি বড় চালান ওই এলাকায় প্রবেশ করেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোলাখালী নদীর তীরবর্তী একটি চিংড়িঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১২টি এয়ারগান, ১৫ বক্স গুলি, ৭টি স্প্রিং, ৪০টি পিস্টন হোল্ডার এবং ১৬টি এলকে রেঞ্জ উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, চোরাকারবারিরা সীমান্তবর্তী এই এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
নীলডুমুর রিভারাইন বর্ডারগার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব অবৈধ অস্ত্র বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।