Ridge Bangla

আশুলিয়ায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা রবি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত এবং অন্তত ১৫টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার পিতা মো. আব্দুল জলিল চারিগ্রাম এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে রবি পলাতক ছিলেন।

আশুলিয়া থানার এসআই ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমান তাদের ফোর্স নিয়ে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালান। এ সময় মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, রবির বিরুদ্ধে জাল-জালিয়াতি মামলার দুটি ধারায় ৪ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও জমি দখলসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে আশুলিয়ায় সরাসরি সশস্ত্র হামলা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, রবি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া দলিলের মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল করতেন। পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্বও কায়েম করেছিলেন।

This post was viewed: 6

আরো পড়ুন