দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল প্রায় ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু নিশ্চিত হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
জানা গেছে, গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থেকে রমেশ চন্দ্র সেনকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। পরদিন তাকে ঠাকুরগাঁও কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। বিভিন্ন মামলায় তিনি কারাগারে আটক ছিলেন।
রমেশ চন্দ্র সেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন তিনি।