Ridge Bangla

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অন্যতম প্রধান কাজ হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রংপুর বিভাগের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই প্রকল্প। বিএনপি সরকার গঠন করতে পারলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে, যাতে এ অঞ্চল আবার সবুজ-শ্যামল ও শস্যভান্ডারে পরিণত হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা কর্মসংস্থান। নীলফামারীর ইপিজেডকে আরও সম্প্রসারণ করে নতুন কলকারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এতে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

ধর্মীয় নেতাদের বিষয়ে তিনি বলেন, সমাজে ইমাম, মোয়াজ্জিন, খতিব ও বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে তাদের অবদান রয়েছে। অথচ অনেক ধর্মীয় ব্যক্তিই মানবেতর জীবনযাপন করছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোটাধিকার রক্ষার জন্য বহু মানুষ সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই ১২ তারিখের নির্বাচনে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। তিনি অভিযোগ করেন, ভোটাধিকার কেড়ে নেওয়া শক্তির সহযোগীরা এখনও দেশে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন