Ridge Bangla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ও মৌলভীবাজার জেলার চারটি উপজেলার ৩০৫টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের ১৩ প্লাটুন মোতায়েন করা হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাটালিয়নের লে. কর্নেল আতাউর রহমান। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব কার্যকর ও সুসংগঠিতভাবে সম্পাদনের জন্য চারটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

সীমান্তবর্তী উপজেলা এলাকাগুলোতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে। অন্য এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ, যানবাহন ও আধুনিক সরঞ্জামসহ প্রস্তুত রয়েছেন।

তফসিল ঘোষণার পর থেকে বেইজ ক্যাম্পকেন্দ্রিক টহল, গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক ও চেকপোস্ট স্থাপন এবং ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহার করে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২)-এর আওতায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনকালীন পরিস্থিতি স্বাভাবিক রাখা হচ্ছে।

বিজিবি অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করেছে। লেফটেন্যান্ট কর্নেল আতাউর জানান, ২৯ জানুয়ারি থেকে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, পাইপগান, নাশকতামূলক সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন