Ridge Bangla

ইসির ব্যালট প্রকল্পে কানাডার ২০ লাখ ডলার সহায়তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) ব্যালট প্রকল্পে কারিগরি সহায়তায় ২০ লাখ ডলার অনুদান দিচ্ছে কানাডা। এ লক্ষ্যে রোববার রাজধানীর নির্বাচন ভবনে ইসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এবং নির্বাচন কমিশনের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার।

চুক্তি স্বাক্ষর শেষে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের অগ্রগতিতে আমি গর্বিত। কানাডা বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার ও বন্ধু রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে উল্লেখ করে অজিত সিং বলেন, বাংলাদেশে কী ঘটে, তা কানাডা ও বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়।

এদিকে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাতিসংঘের কনসোর্টিয়ামকে সমর্থন দেওয়ায় কানাডার করদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত এক বছর ধরে ইউনেস্কো, জাতিসংঘ নারী, ইউএনওডিসি ও ইউএনডিপি- এই চারটি সংস্থা নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার নতুন এই তহবিল সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ‘ব্যালট’ নামের একটি প্রকল্প গ্রহণ করেছে, যেখানে আর্থিক সহায়তা প্রদান করছে কানাডা।

This post was viewed: 6

আরো পড়ুন