Ridge Bangla

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে বিএনপি: তারেক রহমান

বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও সাধারণ মানুষের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি; বরং এসব প্রকল্পের আড়ালে হয়েছে বড় ধরনের দুর্নীতি।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় রাজধানীর মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ডে ঢাকা-১৬ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, কারা দেশ পরিচালনা করবে।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, কেবল বিরোধী দলের সমালোচনা করে জনগণের কোনো উপকার হয় না। বিএনপির লক্ষ্য হলো মানুষের ভাগ্যের পরিবর্তন করা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার গঠন করলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের পরিকল্পনা রয়েছে।

ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মপ্রত্যাশীদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। জলাবদ্ধতা ও পানির সমস্যা সমাধানে ঢাকার খাল খনন কর্মসূচি চালুর কথাও জানান তিনি।

This post was viewed: 5

আরো পড়ুন