Skip to main content

Ridge Bangla

ঢাকা-১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

ঢাকা-১৪, ১৬ ও ১৮ সংসদীয় আসনের মধ্যে প্রায় ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে তুলনামূলকভাবে অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

শনিবার সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লে. কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ- এই তিন শ্রেণিতে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করা জরুরি। কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার অনুরোধ জানান তিনি, যাতে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি না হয়।

মিরপুর ক্যাম্প কমান্ডার আরও জানান, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করবে। কোথাও ঝুঁকি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

This post was viewed: 53

আরো পড়ুন