Ridge Bangla

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: এক মাসে ২৫৯ মামলায় ৩২ লাখ টাকা জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে জমে উঠেছে ভোটের আমেজ। তবে এই নির্বাচনী উত্তাপের মধ্যেই প্রচার-প্রচারণা ও কার্যক্রমে আচরণবিধি মানার ক্ষেত্রে অনিয়মের চিত্রও সামনে আসছে। অনেক প্রার্থী ও তাদের সমর্থকের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে সক্রিয় হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত এক মাসে সারাদেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মোট ২৫৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে দেখা যায়, গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের মোট ৪৬১টি ঘটনা শনাক্ত করেন। এর মধ্যে সরাসরি ২৫৯টি ঘটনায় মামলা দায়ের করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে সর্বোচ্চ সংখ্যক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে ৩ ফেব্রুয়ারি। ওই দিন ৩৩টি অনিয়ম শনাক্ত হয় এবং ১৩টি মামলার মাধ্যমে ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া সর্বশেষ তিন দিনের হিসাবেও কড়া নজরদারির চিত্র দেখা যায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি ২৮টি ঘটনায় ১২টি মামলায় ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরদিন ৭ ফেব্রুয়ারি ২৮টি ঘটনায় ৮টি মামলায় ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ৮ ফেব্রুয়ারি ২২টি ঘটনায় ১০টি মামলায় ৮৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো প্রার্থী বা দলের প্রতি ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন