আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো কোনো বিতর্কিত ভূমিকা নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নিয়ে উদাহরণ সৃষ্টি করবে পুলিশ- এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে এবার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের লাঠিপেটার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি জোর করে সেখানে প্রবেশের চেষ্টা করে, তখন পুলিশ বসে থাকতে পারে না। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো অবৈধ কর্মসূচি প্রতিহত করা হবে।
তিনি জানান, রাজধানীতে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।